কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি বিক্রি ও রেললাইন অধিগ্রহণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নুরুল আবছার প্রকাশ আচ্ছরিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৩০/২০২৬ এর ওয়ারেন্টভুক্ত আসামি নুরুল আবছার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউছুফেরখীল এলাকার মরহুম আবুল বশরের ছেলে। তার বিরুদ্ধে জমি বিক্রি এবং রেললাইন অধিগ্রহণের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার বাদীর দাবি, দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন নুরুল আবছার। অভিযোগ রয়েছে, নিজের বড় ভাই ছফর আলমের কাছ থেকেও বিভিন্ন আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা নেন তিনি। তবে পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত বা সুবিধা না দিয়ে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় একাধিক পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠলেও প্রভাব খাটিয়ে তিনি পার পেয়ে যেতেন।
নুরুল আবছারের কারাগারে যাওয়ার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়দের একাংশ। তাদের মতে, এ ঘটনার পর আরও ভুক্তভোগী সামনে এসে অভিযোগ জানানোর সাহস পাচ্ছেন।
ভুক্তভোগী পরিবারগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।